ঢাকা সিটি করপোরেশনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসিকে ধন্যবাদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শান্তিপূর্ন নির্বাচন হয়েছে। আমি মেয়র হিসেবে দায়িত্ব নিলে সব প্রতিশ্রুতি পূরণ করবো।
তাপস আরও বলেন, স্থানীয় নির্বাচন বলে ভোটারদের আগ্রহ একটু কম থাকতে পারে, আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভোটারদের উদ্বুদ্ধ করতে।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ভোটগণনা চলছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এবার দুই সিটিতে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ৪৬৮টি। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
কিছু কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা এবং পোলিং এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে বিএনপির পোলিং এজেন্টরা নিজেরাই কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে নাটক করছে বলে দাবি করেছে আওয়ামী লীগ








