হাঁটুর অস্ত্রোপচার করিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদ। গেল ২৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন ডেভিড ইয়াং তার হাঁটুতে অস্ত্রোপচার করেন।
দেশে ফিরে চ্যানেল আই অনলাইনকে শহীদ জানালেন, ‘এখন নারায়ণগঞ্জের বাসায় আছি। হাঁটাচলায় কোনো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ ভালো আছি। চার মাস মাঠের বাইরে থাকতে হবে। পুনর্বাসন প্রক্রিয়ার কাজগুলো শুরু করে দেব।’
সোমবার থেকে মিরপুরে পুনর্বাসনের কাজ শুরু করবেন শহীদ। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের অধীনে চলবে তার ফেরার লড়াই।
আগামী জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পুনর্বাসন প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগোলে তার আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন শহীদ। সেক্ষেত্রে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপলক্ষ হতে পারে জুলাইয়ের হোম সিরিজই। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে বাংলাদেশ দলে জায়গা পেতে অবশ্য ম্যাচ অনুশীলনে বোলিংয়ে পুরনো ছন্দ দেখাতে হবে শহীদকে।
বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে দুর্দান্ত বোলিং করে যাচ্ছিলেন শহীদ। এক পর্যায়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ছিলেন ভালোভাবেই। কিন্তু গত ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান এই পেসার।
এমআরআই করানোর পর জানা যায়, তার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। ঝুঁকি এড়াতে বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর পরামর্শে হাঁটুতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।








