ছুটি কাটিয়ে শনিবার ঢাকায় আসছেন জাতীয় দলের সাউথ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো। টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ রয়েছে। তারপর রয়েছে সাউথ আফ্রিকা সফর।
জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ শুক্রবার বিপিএল ফাইনাল দেখেছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে। জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে বসে উপভোগ করেন কুমিল্লা-বরিশালের শিরোপার লড়াই।
বিপিএল শেষ। এবার জাতীয় দলের কোচদের সাকিব-তামিমদের নিয়ে মাঠে নামার পালা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য হেরাথ চলে এসেছেন। নিউজিল্যান্ডে জানুয়ারিতে দুই টেস্টের সিরিজ শেষে ছুটিতে গিয়েছিলেন তিনি। এছাড়া ছুটি কাটিয়ে ডমিঙ্গো আসছেন শনিবার বিকেলে। বিসিবি সূত্র নিশ্চিত করেছে তার আসার খবর।
রোববার ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। সফরকারী আফগানিস্তান দল বন্দরনগরীতে যাচ্ছে এক দিন আগেই। সিলেটে ক্যাম্প শেষ করে শনিবার ঢাকায় এসে আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম যাবে তারা।
কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়া ব্যাটিং কোচ জেমি সিডন্স টেস্ট দেবেন শনিবার। নেগেটিভ হলে চট্টগ্রাম গিয়ে কাজে নেমে পড়বেন। ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করায় এখন সিডন্সই তামিমদের কোচ। পেস বোলিং কোচ ওটিস গিবসন পদত্যাগ করায় আসন্ন সিরিজে মোস্তাফিজদের দায়িত্বে থাকার কথা এইচপি কোচ চম্পকা রামানায়েকের। ফিল্ডিং কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত হবেন রাজিন সালেহ।








