আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচটি এমনিতে স্মরণীয় হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের জন্য। এটি অফস্পিনিং অলরাউন্ডারের শততম ওয়ানডে। মাইলফলকের ম্যাচে আবার পেলেন বড় দায়িত্বও। প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে।
চোটে নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় সহ-অধিনায়কের কাঁধে পড়েছে নেতৃত্বভার। ওয়ানডেতে ৩৮ বছরের পথচলায় মিরাজ বাংলাদেশের ১৭তম অধিনায়ক। ১৯৮৬ সালে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে আন্তর্জাতিক ওয়ানডে খেলা শুরু করেছিল বাংলাদেশ।
দেশের মাটিতে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। তখন সহ-অধিনায়ক ছিলেন শান্ত। বয়সভিত্তিক ক্রিকেট থেকে মিরাজকে ভবিষ্যতের নেতা ভাবা হচ্ছিল।
অবশেষে সিনিয়র দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন সতীর্থের দুঃসময়ে। শারজায় টস-ভাগ্য মিরাজের পক্ষেই গেছে। অঘোষিত ফাইনালে আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।








