মার্কো আসেনসিওর একমাত্র গোলে লেগানেসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলের হাসিতে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল জিনেদিন জিদানের দল।
বৃহস্পতিবার রাতের জয়টি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে রিয়ালের দ্বিতীয় স্বস্তি। এসময় দুটি জয়ের পিছে দুটি ড্র, আর দুটি হারে মাঠ ছেড়েছে দুঃসময়ের আবর্তে থাকা রিয়াল।
প্রায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন জিদান। নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই সাইডবেঞ্চে। কয়েকটি আক্রমণ গড়েও প্রথমার্ধে সফলতা মেলেনি।
ম্যাচের ৩৩ মিনিটে মাতেও কোভাসিচের দ্বারা সুযোগ হাতছাড়া। পরে ৬৬ মিনিটে স্বাগতিকদের সুবর্ণ সুযোগটি আটকে যায় ক্রসবারে। আর ৭৫ মিনিটে গোলরক্ষক কিকো ক্যাসিয়া বাঁচান রিয়ালকে।
ধারহীন খেলায় যখন সাফল্য আসছিল না কোন পক্ষেরই, রিয়াল দাঁড়িয়ে আরেকটি হোঁচটের সামনে, তখনই ত্রাতা হয়ে আসেন মার্কো আসেনসিও। ৮৯ মিনিটে থিও হার্নান্দেজের ক্রসে দর্শনীয় ভলিতে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। তাতেই রক্ষা পায় রিয়াল।
ফিরতি লেগে আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে আতিথ্য দেবে রিয়াল।








