মুক্তিযোদ্ধা, কণ্ঠশিল্পী ও সুরকার লাকী আখান্দকে নিয়ে তৈরি হলো ‘তোমার যত গান’ শিরোনামের একটি ভিডিও গান। গানটি তৈরি হয়েছে লাকী আখান্দের গাওয়া ও সুর করা বিভিন্ন জনপ্রিয় গানের কিছু শব্দ-পংক্তি নিয়ে। গেয়েছেন কয়েকজন প্রবাসী শিল্পী।
তিতাস কাজী ও সঞ্জয় মুখার্জির কথায় গানটিতে সুর দিয়েছেন কাজী তিতাস, কণ্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী। শিল্পীরা হলেন সুমন শরীফ, এ আই রাজু, মোল্লা বাবু, লাবনী বড়ুয়া, পরশ মনি ও তিতাস কাজী। যৌথভাবে সংগীতায়োজন করেছেন লাবু রহমান ও ফোয়াদ নাসের বাবু। আর ভিডিওটি তৈরি করেছেন শিবলী হাসান। গানের কথাগুলো এমন— ‘বারে বারে যুগে যুগে/ থাকবে তোমারই নাম/ লেখা হয়ে আছে বুকেরই পাঁজরে/ তোমার যত গান’!

গানটির মিউজিক ভিডিও নিয়ে প্রকাশ হয়েছে ‘তোমার যত গান’। পাশাপাশি ৭ মার্চ শিল্পী তিতাস কাজীর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে এর ভিডিও। লন্ডনে ধারণ করা ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা।
গানটি তিতাস তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন। সেখানে ইতিবাচক মন্তব্য করেছেন সংগীতাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মধ্যে অন্যতম সুরকার-গায়ক আশিকুজ্জামান টুলু, গায়িকা ফাহমিদা নবী, গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল, সংগীত পরিচালক রাজা কাশ্যফ প্রমুখ।
এ প্রসঙ্গে লাকী আখান্দের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু আজ শনিবার সন্ধ্যায় বলেন, ‘ইতিমধ্যে গানটি দেখেছেন লাকী আখান্দ, পছন্দও করেছেন। তিনি শিল্পীদের ধন্যবাদ দিয়েছেন।’
টিংকু আরও বলেন, ‘এর আগে লাকী আখন্দের চিকিৎসার তহবিল সংগ্রহে কাজ করেছেন তিতাস কাজী ও তার দল। লন্ডনে কনসার্ট করে শিল্পীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছিলেন তারা। কয়েকদিন আগে গানটির সিডির মোড়ক উম্মোচন করে শিল্পীরা। ওই সময় অনুষ্ঠানে লাবুও বাবু ভাই গিয়েছিলেন। গানের সিডির এক কপি লাকী ভাইয়ের মেয়েকে দেওয়া হয়েছে।’
ছবি : সংগৃহীত
গানটির ভিডিও লিংক
https://www.youtube.com/watch?v=V22phi05MSo








