প্রবাসে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বৈশাখি মেলা হয়েছে। মেলায় সঙ্গীত শিল্পী এস আই টুটুল এবং চ্যানেল আইয়ের উপস্থাপক মৌসুমী বড়ুয়াকে সম্মাননা জানিয়েছেন লস এঞ্জেলেসের মেয়র।
লস এঞ্জেলেসে প্রতি বছর বৈশাখি মেলা আয়োজন করা হলেও এবারে ভার্জিল মিডল স্কুলের মেলাটি ছিলো ভিন্ন ধরনের। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কৃতি বাঙালিদের সম্মাননাও জানানো হয় লস এঞ্জেলেসে বৈশাখের বিশেষ এই মেলায়।
মেলার অংশ হিসেবেই কংগ্রেসওম্যান জুডি চু এবং লস এঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটির পক্ষ থেকে চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপক মৌসুমী বড়ুয়া এবং সঙ্গীত শিল্পী এস আই টুটুলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
মেলায় আমন্ত্রিত উপস্থাপক মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় এস আই টুটুল, শাহনাজ রহমান স্বীকৃতি, বিউটি দাস, শাহ মাহবুব এবং প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সংগীতে প্রবাস জীবনের কর্মব্যস্ততার ছোঁয়া লাগে একটুখানি বাঙ্গালিয়ানার।
মেলায় প্রবাসীদের উপস্থিতিতে দেশীয় ঐতিহ্যবাহী নজরকাড়া খাবারের স্টলও প্রবাসীদের মুগ্ধ করে।







