শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আদালত তার রুলে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ পালনের নামে ডিজে পার্টিসহ নগ্ন, অশ্লীলতা, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।
শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ ১৩ বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারি আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান হাইকোর্টে রিটটি করেন।








