কোন কোন দল বিশ্বকাপের শেষ চারে যেতে পারে? তার একটি তালিকা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিল, স্পেন, জার্মানির নাম উচ্চারণের পাশাপাশি চতুর্থ দেশের নামটিতে চমক রেখেছেন সিআর সেভেন। জাতীয় দল পর্তুগাল নয়, পর্তুগিজ অধিনায়কের সেরা চারের শেষ দলটি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।
ইতিহাসে প্রথমবারের মত পর্তুগালকে ইউরোপ সেরা করেছেন। দেশটির ইতিহাসে এটিই প্রথম বৈশ্বিক কোন শিরোপা। জুনে রাশিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিটদের তালিকায় তাই ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের এগিয়ে থাকারই কথা। কিন্তু পর্তুগিজ অধিনায়ক নিজেদের সেরা ভাবছেন না মোটেও।
‘আমাদের বিষয়টি মেনে নিতেই হবে, আমরা সত্যিই ফেভারিট নই’ -ব্রাজিলের ইউটিউব চ্যানেল ডেসিমপেডিডোসকে দেয়া সাক্ষাৎকারে খোলাখুলিভাবে মনের ভাব প্রকাশ করেছেন পর্তুগিজ অধিনায়ক।
‘ব্রাজিল, স্পেন, জার্মানি, আর্জেন্টিনার মত অনেক বড় বড় নাম আছে ফুটবলে। যদিও ফুটবলে সব কিছুই সম্ভব।’
‘আমাদের প্রথম কাজ হবে গ্রুপপর্ব নিরাপদে পার হওয়া। তারপর আমরা পরের স্টেজ নিয়ে পরিকল্পনা করবো।’ যোগ করেন রিয়াল তারকা।









