২২৪ জন যাত্রী ও ক্রু নিয়ে মিশরের সিনাইয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সন্ত্রাসী সংশ্লিষ্টতার যোগসূত্র খুঁজে পায়নি মিশরের তদন্তকারী দল।
এর আগে, ইউরোপীয় তদন্তকারী দল দাবি করেছিলো দুর্ঘটনাবশত নয় বোমার আঘাতেই রুশ যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়েছে। বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার দুই ব্লাক বক্সের তথ্য বিশ্লেষণ করে তারা এ তথ্য জানিয়ে ছিলো।
এমনকি বিমান বিধ্বস্তের পরপরই ইসলামী জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করে বলেছিলো, আইএসের ওপর রুশ বিমান হামলার শোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে।
গত ৩১ অক্টোবর রুশ কোগালিমাভিয়া এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২১ শার্ম এল-শেখের রেড সি রিসোর্ট থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে উড্ডয়নের ২৪ ঘণ্টার মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমানের সকলেই নিহত হয়। বিমান আরোহী ২২৪ জনের মধ্যে ২১৭ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন।







