বোলারদের দুরন্ত বোলিংয়ের পরও বাংলাদেশের সামনে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। শেষ পর্যন্ত রুট কাঁটা তুলে নিয়ে ঢাকা টেস্টে লিড নেয়ার পথে বাংলাদেশ। এরই মধ্যে ১৪৪ রানে সফরকারীদের ৮ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। প্রথম টেস্টে পর দ্বিতীয় টেস্টেও ৫ উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় দিনে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। প্রথমে ইংলিশ ইনিংসে জােড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। পরে আরো একটি উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন তিনি।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন জো রুট। বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ানো রুট করেন দলীয় সর্বোচ্চ ৫৬ রান। ফেরার আগে জনি বেয়ারস্ট্রোর সঙ্গে ৪৫ ও জাফর আনসারিকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন তিনি। রুটের আগে ১৩ রান করে মিরাজের পঞ্চম শিকারে পরিণত হন জাফর আনসারি।
এর আগে জো রুটের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পর মিরাজের বলে এলবিডব্লিউ হন জনি বেয়ারস্ট্রো। ফেরার আগে ২৪ রান করেন তিনি।
তার আগে ম্যাচের ১৬তম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন স্টোকস(০)। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের ক্যাচে পরিণত হন তিনি। আগের ওভারেই মঈন আলীকে (১০) ক্লিন বোল্ড করে দিন শুরু করেন মিরাজ।
প্রথম দিন ব্যাটিংয়ে ভাল সূচনা করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ইনিংসে একটা সময় মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নেওয়া বাংলাদেশ থামে ২২০ রানে। মাত্র ৪৯ রান যোগ করতেই বাকি ৮টি উইকেটও হারিয়ে বসে মুশফিক বাহিনী।








