অ্যাশেজ শুরুর আগে ইয়ান চ্যাপেলের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন জো রুট। ইংলিশম্যানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন অজিদের সাবেক অধিনায়ক। দুই টেস্টে বাজেভাবে হারার পর আরেক সাবেক অধিনায়কের তোপের মুখে পড়েছেন রুট। এবার রিকি পন্টিং। বোলারদের সঠিকভাবে ব্যবহার করতে না পারার কথা টেনেছেন পন্টিং।
শুরুটা হয়েছে রুটের এক বক্তব্যকে ঘিরে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে বিশাল ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে বোলারদের দুষেছিলেন অধিনায়ক রুট। বলেছিলেন, বোলাররা সঠিক জায়গায় বল ফেলতে ব্যর্থ হওয়ায় এমন হার।
রুটের সেই কথায় চটেছেন পন্টিং। অধিনায়কের ওরকম বক্তব্যে একাধারে বিস্মিত এবং বিরক্ত অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক।
‘বোলারদের সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব কি তার না? তাহলে সে অধিনায়ক কেন? তার কথা শুনে আমি এতোই অবাক হয়েছি যে, চেয়ার থেকেই পড়ে যাচ্ছিলাম প্রায়।’
অধিনায়ক হিসেবে মাঠে রুটের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন পন্টিং, ‘সে যা খুশি বলতে পারে, কিন্তু অধিনায়ক হিসেবে বোলারদের সঠিক উপদেশ দেয়ার দায়িত্ব তারই। এটাই তো অধিনায়কত্ব। যদি আপনি আপনার বোলারদের সঠিকভাবে ব্যবহারই না করতে পারেন, তবে আপনি কেমন অধিনায়ক?’
২৬ ডিসেম্বর এমসিজেতে শুরু হবে অ্যাশেজের বক্সিং-ডে তথা তৃতীয় টেস্ট। টানা দুম্যাচ জিতে সিরিজে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া।








