অসুস্থতা, দলবদল আর চোটে ‘অপয়া’ একটা বছর কাটিয়ে ছন্দে ফিরেছেন সার্জিও রামোস। পিএসজির হয়ে ইতিমধ্যে দ্য গ্ল্যাডিয়েটর পেয়েছেন জালের দেখাও। তবুও লড়তে হচ্ছে একাদশে জায়গা করতে!
পারফরম্যান্স, দক্ষতা এবং অভিজ্ঞতায় রামোস অনেক এগিয়ে থাকলেও ফরাসি জায়ান্টদের কোচ মাউরিসিও পচেত্তিনোর চিন্তা ফর্মেশন এবং সেন্টারব্যাক নিয়ে। সাম্প্রতিক ফর্মের বিচারে দারুণ অবস্থায় রয়েছেন দুই সেন্টারব্যাক মারকুইনোস ও প্রেসনেল কিমপেমবে। একাদশে জায়গা করতে রামোসকে লড়তে হচ্ছে তাদের বিপরীতে।
চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবেন স্প্যানিশ তারকা সেন্টারব্যাক। সেরা আটে ওঠার লক্ষ্যে রিয়ালকে সামান্য ছাড় দেবেন না বলে হুমকিও ছুঁড়েছেন রামোস। জানিয়েছেন, খেলবেন সর্বস্ব উজাড় করে। সেটা তখনই সম্ভব হবে যদি পচেত্তিনো তাকে একাদশে রাখেন।
কেননা, ফরাসি জায়ান্টদের কোচের সেন্টারব্যাকে পছন্দ মারকুইনোস ও কিমপেমবেকে। চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচেই তার ভরসা রেখেছেন এ দুজন। ব্রাজিলিয়ান মারকুইনোস খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচে। কিমপেমবেকে সুযোগ দিয়েছিলেন ৬ ম্যাচের পাঁচটিতে। তাই প্রশ্ন, সাবেক ক্লাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে পারবেন তো রামোস?
যদিও পচেত্তিনো জানেন, বড় ম্যাচের ‘এক্স ফ্যাক্টর’ বনে যেতে পারেন রামোস। আবার ম্যাচটি যেহেতু তার সাবেক ক্লাবের বিপক্ষে— যেকোনো মূল্যে স্প্যানিশ ডিফেন্ডারকে দলে চাচ্ছেন কোচও।
ফরাসি মিডিয়ার খবর, রিয়ালের বিপক্ষে নিজের সেরা পজিশনেই থাকবেন সার্জিও রামোস। সেক্ষেত্রে পচেত্তিনো একাদশে তিন সেন্টারব্যাক রাখতে পারেন। অথবা মারকুইনোসকে সেন্টারব্যাক থেকে মাঝমাঠে খেলাতে পারেন আর্জেন্টাইন কোচ।








