একের পর এক জয় তুলে নিয়ে উড়ছিল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে যাতে একটু ছেদ পড়ল। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ২-২ গোলে মান বাঁচানো ম্যাচে স্বাগতিকদের নায়ক জোড়া গোল করা মার্কো আসেনসিও।
সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে ১০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল এক শটে ভ্যালেন্সিয়ার জাল খুঁজে নেন আসেনসিও।
সমতা ফেরাতেও বেশি সময় নেয়নি ভ্যালেন্সিয়া। ১৮ মিনিটে গোলটি শোধ করে দেয় অতিথিরা। ডিফেন্ডার তোনি লাতোর ক্রসে বল পেয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন মিডফিল্ডার কার্লোস সোলের।
ম্যাচের ৩৭ মিনিটে করিম বেনজেমার শট কোনমতে ঠেকান অতিথি গোলরক্ষক। এতে সমতায় থেকেই বিরতিতে যেতে হয় রিয়ালকে।
মধ্যবিরতির পর ফিরে অনেকটা মরিয়া হয়েই আক্রমণ শানাতে থাকে রিয়াল। ভ্যালেন্সিয়াও তাতে ভালোই সাড়া দিচ্ছিল। দুদলই সুযোগ হাতছাড়া করেছে এসময়।
আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেই ৭৭ মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। মিডফিল্ডার জিওফ্রে কোনডোগবিয়া দুর্দান্ত এক নিচু শটে রিয়ালের জালে বল জড়িয়ে দেন।

এরপর হারের শঙ্কাই পেয়ে বসেছিল বর্নাব্যুর দলটিকে। তখনই ত্রাতা হয়ে আসেন আসেনসিও। ৮৩ মিনিটে কোনাকুনি এক ফ্রি-কিকে একটি পয়েন্ট আদায় করা গোলটি করেন দারুণ ফর্মে থাকা এই তরুণ।
অবশ্য জয়ের সুযোগও এসেছিল রিয়ালের। শেষদিকে বেনজেমা সুযোগ হাতছাড়া করেছেন। যোগ করা সময়ে বেনজেমারই হেড পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে।
পয়েন্ট হারানোর দিনে একটি খুশির উপলক্ষও ছিল রিয়ালের। লা লিগার গত মৌসুমের শিরোপাটা এদিনই আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে তাদের হাতে।








