লা লিগায় ম্যাচ বাকী মাত্র একটি। শিরোপা নির্ধারণ হয়নি এখনও। সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে তিন পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে মালাগার বিপক্ষে ড্র হলেই চলবে তাদের। কিন্তু মালাগা ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ হুমকি দিচ্ছেন, রিয়ালের শিরোপা উৎসব ভেস্তে দেবেন বলে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে গোল করে নিজে ম্যাচ জিতে সাবেক ক্লাব বার্সাকে শিরোপা উপহার দিতে চান তিনি।
এই মুহূর্তে লা লিগায় চালকের আসনে রিয়াল। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট দলটির। তিন পয়েন্ট পিছিয়ে থেকে বার্সার সংগ্রহ ৮৭। শেষ ম্যাচে এইবারের বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না কাতালানদের, অপেক্ষায় থাকতে হবে মালাগার বিপক্ষে রিয়ালের হারেরও।
এই অবস্থায় বার্সা শিবিরে স্বস্তির বাতাস বইয়ে দিচ্ছেন এক সময়কার ঘরের ছেলে সান্দ্রো রামিরেজ। ক্লাবটির বিখ্যাত যুব একাডেমী লা মাসিয়ায় বেড়ে ওঠা রামিরেজ ২০১৬ সালে যোগ দেন মালাগায়। কিন্তু পুরনো ক্লাবের টান এখনো ভোলেননি।
তাইতো রিয়ালকে শিরোপা বঞ্চিত করে ঋণ পরিশোধ করতে চান রামিরেজ, ‘আশা করি আমি গোল করবো এবং বার্সাকে লা লিগা উপহার দিতে পারবো। আর তা হলে সেদিন হবে আমার স্বপ্নের দিন। বার্সার কাছে আমার অনেক ঋণ। সেটা শোধ করতে চাই।’
এমনিতেই আন্দালুসিয়ান দলগুলোর সঙ্গে মাদ্রিদের ক্লাবগুলোর দা-কুমড়া সম্পর্ক। আর রামিরেজ যে হুমকি দিয়েছেন তাতে সর্বোচ্চ সতর্কতা নিয়েই মাঠে নামতে হতে পারে রোনালদো-বেনজামাদের।








