অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের গত আসরের ড্রাফটে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। নিলামে ডাক পাননি কেউ। এবার ড্রাফটে থাকা ১০ ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন তিনি।
সিডনিতে চলা ড্রাফটে চতুর্থ রাউন্ডে টাইগার স্পিন-অলরাউন্ডার রিশাদকে দলে টেনেছে হোবার্ট। টাইগারদের মধ্যে আগে শুধু অলরাউন্ডার সাকিব আল হাসানের বিগ ব্যাশে খেলার স্মৃতি আছে। আসছে ১৫ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে নতুন বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত।
এবারের আসরে খেলার জন্য ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। এপর্যন্ত শুধু রিশাদই দল পেয়েছেন। ড্রাফটে আছেন পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব, স্পিনার রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম। ব্যাটারদের মধ্যে আছেন জাকের আলি অনিক, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ড্রাফটে নাম লিখিয়েছেন। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন পেসার জাহানারা আলম।
গত মৌসুমে ড্রাফটে নাম উঠেছিল তাইজুল, জাহানারা ও রিপন মণ্ডলের।








