কাইলিয়ান এমবাপেকে নিয়ে মৌসুমজুড়েই চলছে টানাটানি। সবশেষ রশি টানে পক্ষ দুটি, রিয়াল মাদ্রিদ ও পিএসজি। একসময় ফরাসি তারকাকে টানার দৌড়ে থাকা বার্সা অর্থনৈতিক কারণে হাঁপিয়ে উঠেছে। তারা আর্লিং হালান্ডকে পর্যন্ত কেনার মতো অর্থ জোগাড় করতে পারেনি। এদিকে এমবাপে পিএসজিতে না থাকলে রিয়ালে আসা নিশ্চিত বলেই খবর। সবকিছু চূড়ান্ত হওয়ার আগেই ফ্রেঞ্চম্যানের চাওয়া আকাশচুম্বী বেতন নিয়ে মুখ খুলে ফেলেছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।
দল হিসেবে ভালো অবস্থায় নেই কাতালান ক্লাবটি। উসমানে ডেম্বেলে ও গ্যাভির ভবিষ্যৎ এখনো চূড়ান্ত নয়। কাটেনি অর্থনৈতিক মন্দা। বিপরীতে দলে প্রয়োজন কাণ্ডারি। পছন্দের শীর্ষে থাকা হালান্ডকে ছোঁ মেরে নিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। এমন পরিস্থিতিতে এমবাপে হতে পারত ভালো বিকল্প। তবে এমবাপের চড়া দামে পিছেই পড়ে থাকতে হচ্ছে লাপোর্তাকে।
‘যদি আমরা ৩০ জুনের আগে এক বা দুটি অর্থনৈতিক পরিকল্পনা সক্রিয় করতে পারি, তাহলে ক্লাবের ঋণের একটি বড় অংশ পরিশোধ করতে পারব। পাগলামি মাত্রা ছাড়ালে চলবে না। কর বাদ দিয়েই এমবাপে ৫০ মিলিয়ন ইউরো চায়, আমরা তা দিতে পারব না। আমরা শিগগিরই তার থেকে উত্তর পেলে খুশি হতাম। তবে আমরা জোর করতে পারি না। সবার সাথে আমাদের ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’
‘অবামেয়াং এসেছে, সে ভালো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আশা করি সে থাকবে। ফ্রেঙ্কি ডি ইয়ং বর্তমান বাজারে লোভনীয়, বার্সার জন্য যা সেরা সে তাই করবে। আলভেজ কম বেতনে খেলতে রাজি হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা।’
তৃতীয়বারের মতো ফরাসিদের সেরা ফুটবলার হওয়ার পর দলবদল নিয়ে প্রশ্ন করা হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন ২৩ বর্ষী ফরোয়ার্ড। জানিয়েছেন খুব শিগগিরিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তাই স্পষ্ট করে বলা কঠিন এমবাপের পরবর্তী ঠিকানা কোথায়।








