সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী ও প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে দেশব্যাপি বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। দেশের দু’টি প্রধান দল এর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে যে প্রচারণা চালাচ্ছে তাতে বিভ্রান্তিতে পড়েছে সাধারণ জনতা। অনেকে অাবার বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবেই না জেনে মনগড়া কথা বলে চলেছেন। আর জনগণের স্বার্থেই এ রায়ের পর্যবেক্ষণ বাংলা ভাষায় লেখা হলে সাধারণ মানুষের বোধগম্য হতো বলে মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর রাজী।
রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে জনগণকে ক্ষমতায়িত করার স্বার্থে এই উদ্যোগ জরুরি বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে রাজি লিখেছেন,
প্রধান বিচারপতি ও বিচারপতিরা ষোড়শ-সংশোধনীর রায়ে বা এর পর্যবেক্ষণে কী বলেছেন সে প্রসঙ্গে আমিসহ দেশের সাধারণ মানুষ তখনই সঠিক অবস্থান নিতে পারতো যদি উনারা বাংলাভাষায় ওই রায় ও পর্যবেক্ষণ লিখতেন। নিদেন পক্ষে, নিজেরাই তাঁদের রায়ের বাংলা করে দিলে, আমরা সাধারণ দেশবাসী বুঝতে পারতাম তাঁরা আসলেই জাতিরপিতা ও/বা সংসদ সম্পর্কে কী বলেছেন। রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে অর্থাৎ জনগণকে ক্ষমতায়িত করার স্বার্থে এই উদ্যোগ যে জরুরি এ ঘটনায় তা আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠেছে। তাই নয় কি?









