সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আবেদন শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে হবে বৃহস্পতিবার।
বিষয়টি আজ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির ভার্চুয়াল বেঞ্চে শুনানির জন্য আসে। তবে শুরুতেই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘মাই লর্ড এটি রাষ্ট্র ধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামি বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারণ করেন।
সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।
সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিস্থাপিত হয়। সংবিধানের ২ক অনুচ্ছেদে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।’








