রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব রাজনীতি। ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু হয়েছে যুদ্ধের প্রভাব। এরই ধারাবাহিকতায় রাশিয়ান এয়ারলাইন্স অ্যারোফ্লাটের সাথে স্পন্সরশীপ চুক্তি শেষ করতে প্রস্তুতি নিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৩ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্পন্সর হয়ে আসছে রুশ এয়ারলাইন্স অ্যারোফ্লট। সবশেষ ২০১৭ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে চুক্তি নবায়ন করে রেড ডেভিলদের স্পন্সরশীপ নেয় অ্যারোফ্লট। তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে চুক্তি শেষ করতে প্রস্তুতি নিয়েছে রালফ রাঙ্গনিকের দল।
অ্যারোফ্লটের সাথে চলমান চুক্তিটি শেষ হওয়ার কথা রয়েছে আসছে এপ্রিলে। এতদিন অ্যারোফ্লট বিশ্বজুড়ে ইউনাইটেড তারকা এবং কর্মকর্তাদের ভ্রমণের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দিয়েছে। তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে পরিস্থিতি জটিল হওয়ার আগেই চুক্তি শেষ করার কথা ভাবছে রেড ডেভিলরা।
এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ খেলতে রুশ বিমান রেখে বিকল্প এয়ারলাইন্স টাইটানে চড়ে স্পেনে গেছে ক্রিস্টিয়ানো রোনাদোরা। এর অর্থ দাড়ায় চলমান চুক্তির অবসান ঘটাতে চাইছে ম্যানইউ। রেড ডেভিলরা মনে করছে রাশিয়ার সাথে চলমান চুক্তি চালিয়ে নিলে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হবে। যা পরিস্থিতি আরো জটিল করবে।
অ্যারোফ্লটের পরিবর্তে কাতার এয়ারলাইন্সের সাথে চুক্তিতে যাওয়ার কথা ভেবে রেখেছে ম্যানইউ। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ার পরবির্তে অন্য কোথাও আয়োজন করার প্রস্তাব দিয়েছে ক্লাবটি।
এর আগে যুক্তরাষ্ট্র রুশ বিমান অ্যারোফ্লটকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। যার জেরে ইউনাইটেডরাও সে পথেই হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট ৫২টি দেশের ১৪৬টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে চলেছে।








