ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে চাপে ফেলতে পূর্ব ইউরোপে মোতায়েন করা সৈন্য সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন’র বরাতে বিবিসি খবরে বলা হয়, সেনা সংখ্যা বাড়ানোর মাধ্যমে ক্রেমলিনের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাবে যুক্তরাজ্য।
পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পক্ষের প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিবরা মস্কোতে তাদের সমকক্ষদের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলবেন বরিস জনসন।
বরিস এই সপ্তাহেই পূর্ব ইউরোপ সীমান্ত পরিদর্শনে যাবেন উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য রাশিয়ানদের ‘বিধ্বংসী কর্মকাণ্ডকে’ সহ্য করবে না। আমরা সব সময় ন্যাটো জোটের পাশে থাকবো।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যদি রাশিয়া রক্তক্ষয়ী ও ধ্বংসের পথ বেছে নেয়, তবে ইউরোপের জন্য এটি একটি ট্র্যাজেডি হবে। ইউক্রেনকে অবশ্যই তার ভবিষ্যত বেছে নেবার স্বাধীনতা দিতে হবে।
রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এ লক্ষ সৈন্য, ট্যাঙ্ক, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। তবে রাশিয়া এবং ইইউ উভয়ের সীমান্তবর্তী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে আক্রমণ করার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে।








