একেবারে ভিন্ন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছিল ‘রাবতা’! কিন্তু সে গল্পটিই নাকি চুরি করা হয়েছে অন্য এক তেলেগু ছবি থেকে।
অভিযোগটা বেশ গুরুতরই।
আর এজন্য এরইমধ্যে আইনি জটিলতায় পড়ে গেছে সিনেমাটি।
সুশান্ত সিং রাজপুত আর কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি নিয়ে সবার মধ্যে ছিল বেশ আগ্রহ। কারণ ৩২৪ বছরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন রাজ কুমার রাও। আর তার এই লুক অনলাইনে ভাইরাল হয়ে পড়ে।
কিন্তু চিত্রনাট্য চুরি করার অভিযোগ উঠেছে ‘রাবতার’ বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সালে এস এস রাজামৌলির বিখ্যাত তেলেগু ছবি ‘মগধীরা’র গল্প সরাসরি চুরি করা হয়েছে ‘রাবতা’ সিনেমায়। আর এই অভিযোগেই ‘রাবতা’র মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করেছেন ‘মগধীরা’র নির্মাতারা।
তবে এ ধরনের অভিযোগ একদম উড়িয়ে দিয়ে ‘রাবতা’র নায়িকা কৃতি বলেন, ‘আমি ‘মগধীরা’ দেখেছি। ছবিটি আমার খুবই ভাল লেগেছিল। কিন্তু এই দু’টি ছবির মধ্যে পূর্বজন্মের অংশটি বাদ দিলে আর কোনও কিছুতেই মিল নেই।’
‘রাবতা’র পরিচালক দীনেশ ভিজানও একই দাবি করেছেন। তার বক্তব্য, ‘মগধীরা’ সেরা তামিল ছবিগুলোর মধ্যে একটি। কিন্তু রাবতা কোনও ভাবেই ওই ছবিটি থেকে অনুপ্রাণিত নয়।
তারা যাই বলুন, আইনি জটিলতায় বেশ বিপাকে পড়েছে ‘রাবতা’ টিম।
ভারতের হায়দরাবাদ আদালতে ‘মাগধী’র নির্মাতারা মামলা ঠুকে দিয়েছেন এরইমধ্যে। তাই গল্প চুরি, কপিরাইট আইন লঙ্ঘন এসব জটিলতায় ৯ জুন ‘রাবতা’ মুক্তি পাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মিড-ডে








