লা লিগার লড়াইয়ে ক্যাম্প ন্যুতে আজ রোববার অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। একই রাতে লা লিগার অপর ম্যাচে স্পোটিং গিজনের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের একবার পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছে লুইস এনরিকের শিষ্যরা। অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষে ঘরের মাঠের লড়াইয়ে পুরোশক্তির দলই মাঠে নামাচ্ছে কাতালান বস এনরিকে।
মূলত কোপার লড়াইয়ের আগে সবাইকে একবার ঝালিয়ে নেয়ার সুযোগ করে দিতে চান এনরিকে। এসপানিওলের বিপক্ষে কোপা দেল রের লড়াইয়ে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ ও নেইমার আজ দলের সঙ্গে যোগ দেবেন।
লা লিগার অপর ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্পোটিং গিজন। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে আজ দ্বিতীয়বারের মতো মাঠে নামবে লা ব্লুাঙ্কোসরা। ফ্রেঞ্চ কোচের অধীনে প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয় ব্যাপারে বেশ আশাবাদী রিয়াল মাদ্রিদ।
অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করায় সম্প্রতি দলবদলের নিষেধাজ্ঞার মুখে পড়ে রিয়াল মাদ্রিদ। সব বিতর্ককে পেছনে ফেলে ঘরের মাঠে লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রিয়াল। দলের কোচ জিনেদিন জিদানও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। ঘরের মাঠে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সই রিয়াল কোচকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।







