ঢাকা প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডে সাকিব-তামিমের লড়াই ছাপিয়ে সব আলো কেড়ে নিলেন রাজা। লিস্ট ‘এ’ ম্যাচে সর্বাধিক ৮ উইকেট শিকার করলেন ২৩ রান খরচায়। তাতে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের সামনে ৭১ রানে অলআউট হয়ে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
প্রিমিয়ার লিগে ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত মিশু। ৬ বছর পর সেটিকে টপকে গেলেন সিলেটের পেসার রেজাউর রহমান রাজা। রান কম দেয়ায় সেরা বোলিং ফিগারের শীর্ষে থাকছে এটিই (২৩/৮)। স্বীকৃত ৫০ ওভারের ক্রিকেটে যা কিনা সেরা বোলিংয়ের রেকর্ড।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৮ উইকেট নিতে রাজার করতে হয় ৬.৩ ওভার। মাত্র ২১.৩ ওভার দীর্ঘ হয় শেখ জামালের ইনিংস। অপর দুটি উইকেট নেন হাসান মাহমুদ।
এ ম্যাচেই মাশরাফী বিন মোর্ত্তজা ও আব্দুর রাজ্জাকের পর দেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডে নামার আগে ৪০০ থেকে ২ উইকেট দূরে ছিলেন শেখ জামালের বাঁহাতি স্পিনার।
বোলিংয়ে সাফল্য পাওয়ার দিনে ব্যাট হাতে বিশ্বসেরা অলরাউন্ডার মেরেছেন গোল্ডেন ডাক। আউট হয়েছেন রাজার বলেই। সৈকত আলী ১২ ও ইয়াসির আলি চৌধুরী ১৬ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম (৭৮) ও জাকির হাসানের (৮৫) ফিফটির সুবাদে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান তোলে প্রাইম ব্যাংক। তামিমের ব্যাট থেকে আসে ২২ রান।








