‘উইচহান্টিং (ডাইনিখোঁজার অভিযান) করে কারও চাকরি খাওয়ার ইচ্ছা আমাদের নেই। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা অনৈতিক কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ পেলে কোনো ভাবেই তা মেনে নেয়া হবে না’।
দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।
সেসময় তার সঙ্গে ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিঞা।
সচিবালয়ে প্রায় ১ ঘণ্টার বৈঠকে ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে অবহিত করেন তারা।
জানান অর্থমন্ত্রী ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন । জবাবে তারা বলেন,‘ব্যাংক খুবই ভালো করছে। ২ হাজার ৩ কোটি টাকা তাদের মুনাফা হয়েছে’।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পরিবর্তন আনা হয় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদেও। নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন সরকারের সাবেক সচিব আরাস্তু খান।







