রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল গিরিদারা ওভার ব্রীজ এলাকা থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার রাত দেড়টার দিকে কদমতলী থানাধীন মাতুয়াইল গিরিদারা ওভারব্রীজ সংলগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. ইকবাল হোসেন (৫০), মো. মেহফুজ আহমেদ (২৩), আশিক হোসেন (২৫), আবুল কাশেম(২৭) ও মো. কাউছার হোসেন (২২)। সেসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলট, ১ টি মোটর সাইকল, ৬ টি মোবাইল এবং নগদ ২ লাখ ২ হাজার ৫৮০ উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি আশরাফি তানজিনা চ্যানেল আই অনলাইনকে বলেন, আটক আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। র্যাবের অভিযানের সময় কবির আহম্মদ (৪০) ও আনিছুর রহমান (৩০) নামে আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছ।
আটক আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রতিনিয়ত তারা কক্সবাজার থেকে বিভিন কৌশলে ইয়াবা এনে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা মাদকের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
আটক আসামীদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(খ) ধারায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





