২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরোশেন নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচনে থাকবে ইভিএম এবং সিসি ক্যামেরা। নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন নতুন ইসি সচিব জাহাঙ্গীর আলম। গণতন্ত্রের স্বার্থে ভোটে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলে নির্বাচন কমিশন প্রত্যাশা করে।
রংপুর সিটি নির্বাচনসহ বেশকয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেন সচিব জাহাঙ্গীর আলম। তবে পুরো তফসিল ঘোষণা করা হবে আগামী সোমবার।
আজকের বৈঠকে ইসির নতুন সচিবকে বরণ করে নেন সিইসিসহ অন্য কমিশনাররা। দু’ঘন্টার বৈঠক শেষে নতুন সচিব রংপুর সিটি নির্বাচনসহ বেশকয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পদোন্নতি পেয়ে সরকারের অর্পিত দায়িত্ব পালনে শতভাগ দায়িত্বশীল থাকবেন বলে জানিয়েছেন সচিব জাহাঙ্গীর আলম।
কতটা স্বচ্ছতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করবেন, এমন প্রশ্নের জবাবে নতুন সচিব জানান, পদোন্নতিতে তিনি সরকারের কাছে কৃতজ্ঞ, আইনের মধ্য থেকেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন তিনি।








