টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জায়েদের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ।
শিল্পী সমিতির নির্বাচন আসলেই সমালোচনার তীরটা বেশি থাকে জায়েদ খানের দিকে। এবার যা ছিল অতীতের চেয়ে অনেক বেশি। কিন্তু এই তুমুল সমালোচনার মুখেও তিনি সফলভাবেই অতিক্রম করেন ভোটের বাধা। এবারও হয়নি ব্যতিক্রম।
কোন ক্যারিশমায় টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হলেন তিনি? বুধবার চ্যানেল আইয়ের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘তারকা কথন’ এ এমন প্রশ্নের মুখোমুখি হন জায়েদ। এই অভিনেতার সোজাসাপ্টা উত্তর, ‘মানুষের ভালোবাসা। আমি ভোটারদের ধারে ধারে যেতে সক্ষম হয়েছি। তারাও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে। শিল্পীরা মনে করেছে যে, কাঞ্চন ভাইয়ের সাথে জায়েদ কাজ করতে পারবে। মানুষের এই আস্থার কারণেই আমি জয় লাভ করেছি।’
শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটার উপস্থিত হয়েছেন। ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করেন।








