‘পাল্প ফিকশন’ খ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো মানেই চমকে ভরপুর। ২০১৫ সালের পর ফের নতুন ছবি নিয়ে আসছেন তিনি। ছবির নাম ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। যা নিয়ে বিশ্ব সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নাই। ছবিটির পোস্টার, টিজার, ট্রেলার সব কিছুই সিনেমাপ্রেমীদের আকর্ষণ বাড়িয়েই চলেছে দিনকে দিন। শুধু টারান্টিনোর ছবি হিসেবেই নয়, আরো যেসব কারণে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তা নিয়েই এই ফিচার। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আসছে ২৬ জুলাই…
টারান্টিনো: একাই একশো
দর্শকের মুগ্ধতা পেতে কোয়েন্টিন টারান্টিনো একাই একশো। পাল্প ফিকশন, জ্যাংগো আনচেইন, ইনগ্লোরিয়াস বাস্টার্ড কিংবা দ্য হেইটফুল এইট-এর মতো ছবি পরিচালনা করেছেন যে পরিচালক, তিনি শুধুমাত্র নির্মাণশৈলী দিয়েই একটি ছবিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেন। দুটি একাডেমি অ্যাওয়ার্ড ইতোমধ্যেই তার ঝুলিতে। আর তাই কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ নিয়ে সিনেমাপ্রেমীদের আছে বাড়তি আগ্রহ।

ব্র্যাড পিট এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর বন্ধুত্ব:
লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটের সঙ্গে আগেও কাজ করেছেন টারান্টিনো। তবে ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট এই প্রথম একসঙ্গে কাজ করলেন। ছবিতে তাদেরকে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নবীন অভিনেতা রিক ডাল্টনের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথের ভূমিকায় অভিনয় করেছেন ব্র্যাড পিট। হলিউড কেন্দ্রীক বেশকিছু সংবাদ মাধ্যমের জরিপে দেখা গেছে, ডিক্যাপ্রিও ও পিটের রসায়ন দেখার জন্য ভক্তদের নাকি তর সইছে না!

টারান্টিনোর ছবিতে মারগট রবি:
এই প্রথম মারগট রবির সঙ্গে কাজ করলেন টারান্টিনো। অতীতে টারান্টিনোর ‘কিল বিল’ সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর উমা থারম্যানকে সাহায্য করতে টারান্টিনোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মারগট রবি। তা সত্ত্বেও কোয়েন্টিন টারান্টিনো তার ছবিতে মারগট রবিকে প্রস্তাব দেন। আমেরিকান অভিনেত্রী শ্যারন টেটের চরিত্রে দেখা যাবে মারগটকে।

শ্যারন টেটের ঘটনা:
‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমায় পোলানস্কির প্রথম স্ত্রী শ্যারন টেট হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। ১৯৬৯ সালে চার্লস ম্যানসন পরিবারের হাতে নির্মমভাবে খুন হন রোমান পোলানস্কির অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেটসহ চার জন। এই হত্যাকাণ্ডের সাথে কীভাবে জড়ায় রিক ডাল্টন ও ক্লিফ বুথ সে গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। আলোচিত এই ঘটনাটি ‘ম্যানসন পরিবার কেলেঙ্কারি’ নামে পরিচিত। সিনেমায় পোল্যান্ডের অভিনেতা রাফাল জাউইরুচা অভিনয় করেছেন পোলানস্কির ভূমিকায়। এই গল্পের কারণেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটি।








