ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়াকে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলাকে ক্ষমার অযোগ্য হিসেবে দেখছে তারা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আইসিজের দেওয়া রায় কার্যকরের জন্য রাশিয়া-ইউক্রেন দুই পক্ষকেই একমত হতে হবে। লড়াইয়ের সমাপ্তি টানতে কিয়েভের সঙ্গে আলোচনায় ‘মস্কোর প্রতিনিধিদল প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি ইতিবাচক ভুমিকা রাখছে বলে তার দাবি।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী রুশ বিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি।
টানা ২১ দিন ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েই যাচ্ছে রুশ বাহিনী। রুশ হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভে ৫৩ জন নিহতের কথা জানিয়েছেন শহরটির মেয়র।
ইউক্রেনে চলমান যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে, এমন দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারশ ৪৪টি ট্যাংক, এক হাজার চারশ’ ৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন, ৩টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।
যুদ্ধের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে নিজেদের অতিরিক্ত উৎপাদনক্ষমতা ব্যবহার করার যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেয়নি আরব আমিরাত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, জ্বালানি শক্তি এবং খাদ্যপণ্যের বাজারের স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। ইউএই মধ্যস্থতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চায় তারা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেওয়াকে অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলেছে ক্রেমলিন। রুশ বিদ্বেষ প্রচার করছে উল্লেখ করে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সাধারণের কাতারে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলেও হুঁশিয়ার করেছে রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি।
ইউক্রেন ইস্যুতে আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।








