সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়া ও সিরিয়া মিলে যৌথ বিমান হামলা চালিয়েছে। হামলা ঠেকাতে শুক্রবার আয়োজিত বৈঠকের একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।
বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে অভিযান ঠেকাতে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে বৈঠক হয়। এতে তুরস্ক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানালে তা প্রত্যাখ্যান করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শনিবার ইদলিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে অন্তত ৬০ বার বিমান হামলা চালানো হয়েছে।
হামলায় মোট হতাহতের সংখ্যা জানা না গেলেও চারজন সাধারণ নাগরিকের প্রাণহানির কথা জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও উদ্ধারকর্মীরা।








