যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভিডিও গেম ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার জ্যাকসনভিলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম ডেভিড ক্যাজ (২৪)। সে বাল্টিমোরের অধিবাসী ছিল। দু’জনকে গুলি করে হত্যার পর সন্দেহভাজন এই হামলাকারী নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে।
গোলাগুলির ঘটনায় আর কাউকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।
বিবিসি জানায়, জ্যাকসনভিল ল্যান্ডিং নামের একটি স্থানীয় সুপরিসর শপিং, এন্টারটেইনমেন্ট ও ডাইনিং কমপ্লেক্সে আয়োজিত হয়েছিল ভিডিও গেম টুর্নামেন্ট। এর মধ্যে একটি গেমিং ক্যাফেতে রোববার হঠাৎ করেই ক্যাজ গোলাগুলি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে।
এ পর্যন্ত হওয়া অনুসন্ধান থেকে পুলিশ জানিয়েছে, নিহত ক্যাজ একটি হ্যান্ডগান ব্যবহার করেছিল। তার কাছে আর কোনো অস্ত্র ছিল না।
স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, গেমিং টুর্নামেন্টে খারাপভাবে হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে গুলি চালিয়েছিল ডেভিড ক্যাজ। এ দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় পুলিশ।
আপাতত আর কেউ হামলায় সরাসরি অংশ নিয়েছিল, এমন ধারণা বাতিল করে দিলেও এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা, পুলিশ সেটা জানার চেষ্টা করছে।








