প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন যশোরের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন তারা।
সারাদেশের মতো প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই জোড়েশোরে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন যশোর জেলার ৬ পৌরসভার মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা।
দক্ষিণবঙ্গের শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী হিসেবে খ্যাত নোয়াপাড়া পৌরসভার মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরাও ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের রায় নিজের পক্ষে টানতে মরিয়া বিএনপি এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বিএনপির মেয়র প্রার্থী বলেন, সবার মুখ থেকে শুনছি, তারাই বলছে আপনিই বিজয়ী হবেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ভিশন ২০২১ কে বাস্তবায়ন করতে যা করা দরকার তা আমরা করার চেষ্টা করছি। সবাইকে সাথে নিয়ে আমি একটি সুপার পৌরসভা গড়ে তুলতে চাই।
থেমে নেই পৌরসভার একমাত্র স্বতন্ত্র প্রার্থীও। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও।
নোয়াপাড়া পৌরসভার রিটার্নিং অফিসার তারেক আহমেদ বলেন, আমরাও মাঠে নামবো। প্রতিনিয়ত তদারকিতে রাখবো। প্রার্থীরা আমাদের কথা মেনে চলেছে, এখনো তারা আমাদের আচরণবিধি মেনে চলবে বলে আশা করছি।
আগামী ৫ বছরের পৌর অভিভাবক নির্বাচনে মানসিক প্রস্তুতি নিচ্ছে পৌরসভার ভোটাররা।







