সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে সকাল সূত্রধর (১৪) ও সঞ্জিত কর্মকার (১৫) নামে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে ফায়ার ব্রিগেড।
শুক্রবার দুপুরে নদীর পুরাতন জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় তারা।
নিখোঁজ সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে ও সঞ্জিত কর্মকার একই মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। এদের মধ্যে সকাল জাহান আরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। এবং সঞ্জীব কর্মকার সবুজ কানন স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা খাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। কিন্তু দুজন নদী থেকে উঠে আসলেও তারা আর উঠে আসতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আরও জানান, উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। বিকেল নাগাদ তারা এসে উদ্ধার অভিযানে নামবে।








