ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি, লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক শিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। তবে শিক্ষক ও পথচারীর নিহত হওয়ার ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করছে পুলিশ।
ছোট অন্য একটি কলেজের পরিবর্তে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে সরকারি করার দাবিতে ভাংচুরের ঘটনায় মামলার প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে।
এক পর্যায়ে দু’ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন আহত হন।
আহত শিক্ষক আবুল কালাম আজাদকে কমিউনিটি মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
ওই সময় পথচারী সফর আলী অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল হক বলেছেন, বাধ্য হয়ে পুলিশকে ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়তে হয়েছে। তবে, দু’জনের মৃত্যুই স্বাভাবিক মৃত্যু বলে তিনি দাবি করেছেন।








