কঠিন এক সময় পার করছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগামী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে দলটি। নিষেধাজ্ঞা মাথায় নিয়েই আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে নেমে পড়তে হবে সিটিজেনদের। সবমিলিয়ে মানসিকভাবে আহত দলটাকে আবারও চাঙ্গা করে তুলতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন কোচ পেপ গার্দিওলা।
শনিবার নিষেধাজ্ঞার খবর শোনার পরপরই দলকে নিয়ে সিটি ফুটবল অ্যাকাডেমিতে জরুরী সভায় বসেন গার্দিওলা। সভায় দলের কাছে জোর হাতে একাধিক দাবি করে রেখেছেন কাতালান কোচ।
গত রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল ম্যানসিটির। সেই ম্যাচের আগে আগামী দুইসপ্তাহ অর্থাৎ, রিয়াল ম্যাচের আগ পর্যন্ত খেলোয়াড়দের সর্বোচ্চ পেশাদারিত্ব কামনা করেছেন গার্দিওলা। যদিও শেষপর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছে রোববারের ম্যাচটি। বুধবার ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে গার্দিওলার শিষ্যরা।
রিয়াল ম্যাচ শেষ হওয়ার আগে খেলোয়াড়দের সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া, ব্যক্তিগত সাক্ষাৎকার দেয়া, প্রচারণামূলক অনুষ্ঠান ও খুব বড় পারিবারিক অনুষ্ঠান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন গার্দিওলা। পাশাপাশি শিষ্যদের যথেষ্ট বিশ্রাম, ঠিকমতো খাওয়া-দাওয়া ও অনুশীলনে সর্বোচ্চ মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করেছেন। মূলত বাইরের বিভিন্ন খবরে যেন খেলোয়াড়দের মনোযোগ নড়ে না যায় সেজন্যই এসব ব্যবস্থাপত্র।








