সম্ভবত ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা। টেস্ট জিতিয়ে নির্বাসনে চলে যেতে হল ম্যাচের নায়ককেই। সোমবার পোর্ট এলিজাবেথে ঘটল এমন ঘটনা। নিষিদ্ধ হলেন সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।
রাবাদার সুইং এবং রিভার্স সুইংয়ের সামনে চূর্ণ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রতিরোধ। দু’ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হন রাবাদা।
কিন্তু দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার কয়েক ঘণ্টা বাদেই আসে আইসিসির রায়। পরের দুটি টেস্টের জন্য নিষিদ্ধ রাবাদা। যার অর্থ, চার টেস্টের এই সিরিজে আর খেলা হচ্ছে না প্রোটিয়া পেসারের।
পোর্ট এলিজাবেথ টেস্টে রাবাদার গতি এবং সুইং সামলাতে ব্যর্থ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে উসমান খাজা (৭৫) ছাড়া বড় রান পাননি কেউই। ৫৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন রাবাদা। এর আগে প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৩৯ রানে শেষ হয়ে যাওয়ার পরে চতুর্থ দিন জয়ের জন্য ১০১ রান তাড়া করতে সমস্যা হয়নি সাউথ আফ্রিকার। ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায় দাঁড়িয়ে।
শাস্তির কথা শোনার পরে রাবাদা বলেছেন, ‘এসব থামাতেই হবে। আমি বারবার নিজের দলকে ডুবিয়ে দিতে চাই না। আমি দলের ক্ষতি করছি, নিজেরও ক্ষতি করছি।’
তবে রাবাদা সহজে শাস্তি মেনে নিলেও ম্যাচ রেফারি জেফ ক্রো’র এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না সাউথ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। তিনি প্রশ্ন তুলেছেন, ডেভিড ওয়ার্নার যদি কুইনটিন ডি’ককের সঙ্গে ঝামেলা করে শাস্তি এড়িয়ে যেতে পারেন, তা হলে রাবাদাকে কেন দোষী সাব্যস্ত করা হল?’
তবে কেউ কেউ এখনো রাবাডার তৃতীয় টেস্ট খেলার ব্যাপারে একটা ক্ষীণ সম্ভাবনা দেখছেন। এ জন্য প্রথমে সাউথ আফ্রিকাকে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে হবে। তার পরে অনুরোধ করতে হবে, আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া পর্যন্ত যদি রাবাদাকে খেলার সুযোগ দেয়া হয়। আইসিসি যদি সেটা মেনে নেয়, তা হলে তৃতীয় টেস্টে খেলার একটা সুযোগ হতে পারে রাবাদার।
কিন্তু সে সম্ভাবনা রীতিমতো ক্ষীণ। কারণ প্রথম ইনিংসে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথকে ধাক্কা মারার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন রাবাদা। যার ফলে তার পাওয়া ‘ডিমেরিট পয়েন্ট’র সংখ্যা অনেক বেড়ে গেছে।
শাস্তি ঘোষণা করে জেফ ক্রো বলেছেন, ‘আমার মনে হয়েছে রাবাডা ইচ্ছাকৃতভাবে স্মিথকে ধাক্কা মেরেছিল। যেটা সে (রাবাদা) এড়াতে পারত।’








