সপ্তাহখানেক আগে ইংল্যান্ড টেস্ট দলের পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার কয়েকদিন আগে ইংলিশদের টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকসের নাম ঘোষণা করেছে ইসিবি। লাল বলের ক্রিকেটে সদ্য দায়িত্বপ্রাপ্ত এ জুটিকে স্বর্গীয় জুটি বলছেন দলটির অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।
‘ব্রেন্ডনের বিপক্ষে আমি অনেক খেলেছি। তার খেলোয়াড়ি জীবন শেষেও একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা। ও অনেক দূরদর্শী চিন্তাভাবনা করে। টেস্টের হিসেবে তিনি অনেক ভালো কোচ হতে পারবেন। দলের মধ্যে নতুন চিন্তা-ভাবনার সঞ্চার করতে পারবেন তিনি।’
‘বেনও অধিনায়ক হিসেবে বেশ ভালো করবে। ও অনেক উজ্জীবিত একজন খেলোয়াড়। ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার ব্যাপারেও বেশ উৎসাহ আছে ওর। একজন জন্মগত নেতা বেন। আমোদের ক্রিকেটের কথা চিন্তা করলে ওদের জুটিটা স্বর্গীয়।’
এই দুটি নিয়োগই ইতিবাচক এবং আমাদের টেস্ট দলকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে সক্ষম তারা। আমাদের কয়েকটা বাজে বছর কেটেছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের অবস্থান বেশ হতাশাজনক।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা মেলেনি দলটির সবচেয়ে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের। ধারণা করা যাচ্ছে, নতুন নেতৃত্বের হাত ধরে আবারও লাল বলের খেলায় ফিরতে যাচ্ছেন তিনি।








