সিরি আ’তে নিজেদের ইতিহাসে মৌসুমের সেরা শুরুর রেকর্ড গড়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। কাগলিয়ারির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে শনিবার রোনালদো গোল না পেলেও দলের এই সাফল্যে ভূমিকা রেখেছেন।
মৌসুম শুরুর ১০ ম্যাচে জুভেন্টাস এখনো অপরাজিত। এর মধ্যে জয় ৯টিতে। পয়েন্ট টেবিলেও দলটির এক আধিপত্য। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাপোলি এবং ইন্টার মিলানের থেকে ছয় পয়েন্ট এগিয়ে তারা।
শীর্ষস্থান মজবুত করার ম্যাচে পাওলো দিবালা ৪২ সেকেন্ডের মাথায় গোল করেন। সিরি আ’তে গত ছয় বছরে জুভেন্টাসের এটি দ্রুততম গোল। আরেকটি গোল করেন কুয়াদ্রাদো। অন্য গোলটি আসে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে। তিনি নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন।
১১ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৩১। শুরুতে এমন পয়েন্ট এই লিগের যৌথভাবেও সেরা। এর আগে রোমা এবং নাপোলির শুরুর ১১ ম্যাচে এত পয়েন্ট অর্জন করার নজির আছে।
রোনালদো এখন পর্যন্ত সাত গোল করে দলের এই অগ্রযাত্রায় অবদান রেখেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি দ্বিতীয়। ৯ গোল নিয়ে শীর্ষে ক্রিজিসটফ পিয়াটেক।








