ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন।
প্রথমার্ধ থেকেই তাই আক্রমণ আর প্রতি-আক্রমণে ব্যাস্ত দুই দল। কিন্ত শেষে ঢাকা মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতলো শেখ জামাল।
দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো লিগ শিরোপা জিতলো শেখ জামাল।
খেলা শুরুর ৩৩ মিনিটে মামুনুল ইসলামের কর্নার থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের হেডে এগিয়ে যায় শেখ জামাল।
জবাব দিতে অবশ্য দেরি করেনি মোহামেডান। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া ইসমাইল বাঙ্গুরার বাড়ানো বলে দলকে সমতায় ফেরান জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড জুয়েল।
৪৫ মিনিটের অরূপ বৈদ্যর ক্রস থেকে ইসমাইল বাঙ্গুরার হেডে করা গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ওয়েডসনের গোলে সমতায় ফেরে শেখ জামাল।
শেষ বাঁশি’র ১৫ মিনিট আগেই শেখ জামালের জয় সূচক গোলটি আসে ডারবো ল্যান্ডিং এর পা থেকে। নিশ্চিত হয় টানা দ্বিতীয় ও নিজেদের তৃতীয় শিরোপা।
মাঠেই ট্রফি হাতে পাওয়ার পর দলের খেলোয়াড়দেরই এর কৃতিত্ব জানিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি জানালেন আগামীতেও চ্যাম্পিয়ন হয়ে টানা তৃতীয় শিরোপা জয়েরই লক্ষ্যে থাকবে।







