পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের মাধ্যমে বোলার মোস্তাফিজুর রহমানের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনে। তার আগের মতো ফিটনেস পুরোপুরি ফিরে পেতে সব রকম চেষ্টার কথা জানিয়েছেন তিনি।
আগস্টে অস্ত্রোপচারের পর বলা হয়েছিলো কাটার মাস্টারের মাঠে ফিরতে প্রয়োজন পাঁচ থেকে ছ’মাস। সে হিসাবে আফগানিস্তান, ইংল্যান্ড সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও খেলার কথা নয় ‘দ্য ফিজের’।
তবে পুনর্বাসনে মোস্তাফিজের উন্নতি হওয়ায় বিসিবি আশা রাখে যে ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড’ সিরিজে খেলতে পারবেন মোস্তাফিজুর রহমান।
সে অনুযায়ী শুরু হয় মোস্তাফিজকে নিয়ে বিসিবি’র নতুন পরিকল্পনা। জাতীয় দলের খেলোয়াড়রা বিপিএলে ব্যস্ত থাকার সময়েই মোস্তাফিজকে মাঠে ফেরাতে কাজ করছে বলে জানিয়েছেন বিসিবির ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনে।
টিম ম্যানেজমেন্ট চায়, পারফরম্যান্সে যেন শতভাগ দিতে পারেন মোস্তাফিজ। বিসিবি’র শ্রীলংকান ট্রেইনার জানিয়েছেন, ইনজুরিতে থাকা তানভীর হায়দার খান এবং এবাদত হোসেন আগামী সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন।








