অ্যাডাম স্যান্ডলারের স্থলাভিষিক্ত হয়েছেন জনি ডেপ। এর আগের দুইবছরে পারিশ্রমিকের চেয়ে কম টাকা ফেরত আনার রেকর্ডটি ছিল অ্যাডামের। ফোর্বস ম্যাগাজিন জানাচ্ছে সে জায়গাে এখন দখলে নিয়েছেন জনি।
২০১৫ সালের ‘মোস্ট ওভারপেইড’ তারকার শীর্ষে রয়েছেন ‘সিক্রেট উইন্ডো’ তারকা জনি ডেপ। চলতি বছরের জুনের আগে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। আর প্রতি ১ ডলার পারিশ্রমিকের বিপরীতে ফেরত এসেছে মাত্র ১.২ ডলার।
২০১৪ সালের একই তালিকায় জনি ছিলেন দ্বিতীয় অবস্থানে। জনির ৬ কোটি ডলার বাজেটের ‘মর্টডেকাই’ আয় করে মাত্র ৪.৭৪ কোটি ডলার।
অন্যদিকে ১০ কোটি ডলার ‘ট্রানসেন্ডেন্স’ ফেরত আনে ১০.৩ কোটি ডলার। তার হাতে বর্তমানে রয়েছে ডিজনি বড় বাজেটের সিক্যুয়াল ‘এলিস থ্রু দ্য লুকিং গ্লাস’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেইলস’। পরের অবস্থানে আছেন ডেনজেল ওয়াশিংটন।
তার ঝুলিতে বড় কোনো ফ্লপ নেই চলতি বছরে। ডেনজেল অভিনীত ৫.৫ কোটি ডলারের সিনেমা ‘দ্য ইকুলাইজার’ আয় করে ১৯.২৩ কোটি ডলার। প্রতি ১ ডলার পারিশ্রমিকের বিপরীতে তিনি ফিরিয়ে দেন সাড়ে ৬ ডলার।







