রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ দেবে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) আয়োজনে মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়ন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
পরে মোস্তাফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে জানান: বাংলাদেশের টেলিকমিউনিকেশনের জগতে আজ একটি নতুন ইতিহাস তৈরি হলো। এখন থেকে আপনি আপনার মোবাইল ডাটা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।
সবচেয়ে বড় খবর হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১৭ মার্চ থেকে মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে। এটি আমার জন্য ও বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক ঐতিহাসিক ও অসাধারণ মাইলফলক। জয় বাংলা।








