লা লিগায় প্রথম গোল করলেন। তারপরই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের গলায় রীতিমতো হুমকি মেসির দলের প্রতি।
ব্রাজিলের ‘নতুন নেইমার’ ১৮ বছরের ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ সই করালেও খেলানোর জায়গা দিতে পারছিল না। বিশেষ করে দলের আগের কোচ হুলেন লোপেতেগি তো ভিনিয়াসকে ব্যবহার করার কোনো উদ্যোগই দেখাননি।
লোপেতেগি অপসারিত এবং অতীত, সান্টিয়াগো সোলারি কোচ হয়ে আসার পর ব্রাজিলীয় প্রতিভা নিজেকে মেলে ধরার সুযোগ পান। রোববার রাতে রিয়াল ৩-০ হারায় আলাভেসকে। একটি গোল করেন ভিনিসিয়াস।
এই জয়ে লা লিগার খেতাবি লড়াইয়ে টিকে আছে সোলারির দল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের তফাৎ এখন আট। বার্সা এখন ছন্দ হারিয়েছে। তারা ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্টও খুইয়েছে। তাই আশা বাড়ছে বার্নাব্যুতে।
বার্সেলোনার বিরুদ্ধেই এবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম পর্বে। খেলাটা ক্যাম্প ন্যুতে। ধরেই নেয়া হচ্ছে এই ক্ল্যাসিকোয় সোলারি প্রথম একাদশে রাখবেন ভিনিসিয়াসকে। জীবনে প্রথম বড় ম্যাচ খেলতে নামার আগে অবশ্য মোটেই চাপে নেই ভিনিসিয়াস। বরং তার গলায় হুঙ্কার।
‘আমি কাউকে ভয় করিনি। কারণ আমি জানি আমি খেলব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। যে ক্লাব বিশ্বের সেরা। তাই ৯০ হাজার দর্শকের বিরোধিতার সামনে খেলতে হলেও আমার কোনো চাপ নেই।’ -বলেন ভিনিসিয়াস।
সঙ্গে অবশ্য যোগ করেন, ‘আমি জানি না কোচ আমাকে ওই ম্যাচে খেলাবেন কিনা। কারণ দল জেতার জন্য যে রকম দল গড়তে হয় তিনি সেটাই আগে করবেন। তবে বার্সেলোনার বিরুদ্ধে খেলাটা বিরাট মঞ্চ। সুযোগ পেলে সেই মঞ্চকে কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করব।’
গত অক্টোবরে রিয়াল মাদ্রিদ লা লিগায় বিশ্রীভাবে ১-৫ গোলে হেরেছিল মেসির বার্সেলোনার কাছে। এবার তাই বদলা নেয়ার লক্ষ্য নিয়ে নামবে সোলারির দল।








