মুনির এল হাদ্দাদির জোড়া গোলে এসপানিওলের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে এগিয়ে থেকে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে টিম বার্সা।
তবে এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ছিলেন না দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় লু্ইস সুয়ারেজ। শুরুর একাদশে ছিলেন না নেইমারও। তবে তাদের অভাব বুঝতেই দেয়নি মেসি-মুনির জুটি।
শুরুতেই এপানিওলের মাঠ কর্নেয়া এল প্রাতে নগর প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করে ফেলে বার্সেলোনা। গোল পেতেও সময় লাগেনি। ৩২ মিনিটে মেসির রক্ষণচেরা পাস থেকে বল পান মুনির। সেখান থেকে এসপানিওল গোলরক্ষকে কাটিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
দ্বিতীয় গোল অবশ্য বেশ পরে। ৮৮ মিনিটে ভিদালের বাড়ানো বল হালকা টোকায় এসপানিওলের জালে জড়ান তরুণ বার্সা তুর্কি মুনির।
অবশ্য এ ম্যাচে মেসিও বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলো। ২৩ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে মেসির নেওয়া বাঁকানো শট রুখে দেন ফ্রান্সেস্কো বার্ডি। শেষ সময়ে রাকিতিচের কর্নার থেকে ভলি করলেও কাতালায়ন সুপারস্টারের প্রচেষ্টা ব্যর্থ করেন দেন তিনি।







