সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার দ্রুত মুক্তি দাবি করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার বলেছেন, প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, প্রবীর শিকদারকে গ্রেফতারের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের জামিন অযোগ্য যে ধারার প্রয়োগ ঘটানো হয়েছে, তা হয়েছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রভাবে।
তিনি বলেন,‘ মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্থ করা কোনো ‘কালো আইন’ মেনে নেয়া যায় না। প্রবীর সিকদারকে আটক মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তিযদ্ধের চেতনার ওপর আঘাত।
শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনার কলমযোদ্ধা প্রবীর সিকদারকে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে গণজাগরণ মঞ্চের। ইমরান এইচ সরকার আরও বলেন,‘যদি প্রবীর সিকদারকে মুক্তি না দিয়ে যদি এই শহীদ পরিবারের সন্তান ও সাংবাদিককে নিপীড়নের চেষ্টা করা হয়, জোর করে আটক রাখা হয় তাহলে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ।
সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশের পর গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।







