মিশরের দুটি গির্জায় পর পর ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। জঙ্গিগোষ্ঠী আইএস এসব হামলার দায় স্বীকার করেছে।
বিবিসির সূত্রে জানা যায়, রোববার মিশরের নাইল ডেল্টা অঞ্চলের টান্টা শহরে অবস্থিত সেইন্ট জর্জ কপটিক চার্চে ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। এসময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়। আহত হয় আরো ৭৮ জন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই আলেকজান্দ্রিয়ায় সেন্ট মার্ক কপটিক চার্চের সামনে আরো একটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩৫ জন।
আলেকজান্দ্রিয়ায় বিস্ফোরণে নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেনে। একজন আত্মঘাতী গির্জায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় সে বিস্ফোরণ ঘটায়।
জঙ্গিগোষ্ঠী আইএস এসব হামলার দায় স্বীকার করেছে, যারা সম্প্রতি মিশরের খ্রিষ্টােনদের বিভিন্ন স্থাপনাকে হামলার লক্ষ্যে পরিণত করেছে।
এসব বিস্ফোরণে হতাহতের ঘটনায় পোপ ফ্রান্সিস শোক প্রকাশ করেছেন। এপ্রিলের শেষের দিকে তাঁর মিশর সফর করার কথা রয়েছে।








