মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়ার পর দাবি করেছিলেন এই সিদ্ধান্ত তার। এবার মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলে নেয়ার বিষয়েও বিসিবি সভাপতি বললেন, তার সিদ্ধান্তেই মিরাজকে দলে নেয়া হয়েছে।
টেস্ট সিরিজ শেষ করে ২০ মার্চ ঢাকায় চলে আসেন মেহেদী। কিন্তু তিনদিন পর ওয়ানডে দলে তাকে যোগ করা হয়। আবার ফিরে যান শ্রীলঙ্কায়। প্রথম ওয়ানডেতে মাঠেও নামেন।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে তিনি নির্দেশ দেন মিরাজকে ওয়ানডে দলে নিতে।
‘আমি নান্নুকে বলেছিলাম মিরাজকে ডেকে পাঠাতে। বলেছিলাম খুলনা থেকে ওকে শ্রীলঙ্কা যেতে। আসলে ওদের বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় মিরাজকে অপশন হিসেবে রাখতে চেয়েছিলাম। মিরাজ টেস্টে ভালো করেছে। তাছাড়া এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
‘ম্যাচের আগে সকালে যখন দলের সঙ্গে বসেছিলাম, তখনও মিরাজকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মাঠে আসার পরই তাকে খেলানোর সিদ্ধান্ত হয়।’ বলেন পাপন।
প্রথম ওয়ানডেতে দ্বিতীয় ওভার থেকে আক্রমণে আসেন মিরাজ। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
এর আগে হঠাৎ করে শততম টেস্টের দল থেকে রিয়াদকে বাদ দেয়া হয়। গুঞ্জন ওঠে, ওয়ানডে দল থেকেও বাদ দেয়া হবে তাকে। তখন চারদিকে আলোচনা শুরু হলে পাপন সংবাদ সম্মেলন ডেকে দাবি করেন, রিয়াদকে ওয়ানডে থেকে বাদ কিংবা শ্রীলঙ্কা থেকে দেশে পাঠানোর কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। শুধুমাত্র দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছে।
এর কয়েকদিন পর নিজেই বলেন, আমার সিদ্ধান্তেই রিয়াদকে দল থেকে বাদ দেয়া হয়েছিল।








