সিলেট থেকে: বিসিবির সঙ্গে বিশ্বকাপের পর থেকে তৈরি হওয়া টানাপোড়েনের শান্তিচুক্তি করে ফেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষবার করে ফেললেন টস। তার আগে খেলোয়াড় তালিকায় কলমের ছোঁয়ায় দিয়েছেন শেষ সিগনেচার।
ইংরেজিতে ‘মাশরাফী’ নাম লেখার ধরনটা এদিন ছিল অন্য সময়ের চেয়ে একটু আলাদা। দেখে মনে হয়েছে খেলোয়াড় তালিকা হাতে পেয়েই তাতে কলম চালিয়ে দিয়েছেন বিদায়ী অধিনায়ক!
অধিনায়কত্বের শেষ ম্যাচে দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমকে একাদশে রাখতে পারেননি মাশরাফী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দেশসেরা এ ব্যাটসম্যানকে না খেলানোর সিদ্ধান্ত যে অধিনায়কের নয়, সেটি দিনের আলোর মতোই পরিষ্কার। এপ্রিলে একটি ওয়ানডে ও টেস্ট খেলতে পাকিস্তান সফরে না যাওয়াতেই শেষ ম্যাচে মুশফিক দলের ১৪তম সদস্য!
মুশফিককে না খেলানোর সিদ্ধান্তে মাশরাফীর সায় ছিল না, সেটি আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেই স্পষ্ট হয়েছে। দুই অভিজ্ঞ খেলোয়াড়কেই হয়ত ব্যাপারটি কষ্ট দেবে। দেশসেরা অধিনায়কের অধীনে শেষ ম্যাচটা খেলতে না পারার দুঃখ থাকবে মুশফিকের, আর মাশরাফী আফসোস করবেন অধিনায়ক হিসেবে আরেকটু জোর খাটিয়ে সেরা ব্যাটসম্যানটিকে একাদশে রাখতে না পারায়!
মাশরাফী যে একাদশ পেয়েছেন সেখানে আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ নতুন। অধিনায়ক মাশরাফীর অধ্যায় যেখানে শেষ হচ্ছে, সেখান থেকেই শুরু হচ্ছে দুই প্রতিভাবান ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে পথচলা। আফিফ ও নাঈম ঢাকা থেকে সিলেট আসার সময় বলছিলেন মাশরাফী ভাইয়ের নেতৃত্ব খেলতে পারলে স্বপ্নপূরণ হবে। দুই ম্যাচ বসে থাকার পর স্বপ্নটা পূরণ হল সিরিজের শেষ ম্যাচে, মাশরাফীর শেষ ম্যাচে।
টসের কয়েন রেফারির হাতে তুলে দিলেন মাশরাফী
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেকে দারুণভাবে সামলে নিয়েছেন মাশরাফী। আবেগের খেলা চলেছে শুধু নিজের সঙ্গে। বুঝতে দেননি খুব একটা। অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে টস করতে ২২ গজে এসে হাসি ঠাট্টায় মেতেছিলেন। ধারাভাষ্যকার থেকে শুরু করে অনেকেরই ছবি তোলার আবদার মিটিয়েছেন।
টস তখন শেষ। আনুষ্ঠানিকতা কেবল বাকি। জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস মাইক্রোফোনে জানালেন আগে বোলিং করার সিদ্ধান্ত। কথা বলছিলেন একাদশ নিয়েও। টসের কয়েন তখনও মাটিতেই পড়ে আছে। কয়েন তুলে কিছুক্ষণ তাকিয়ে মাশরাফী তুলে দিলেন ম্যাচ রেফারি জেফ ক্রো’র হাতে। ৭৫টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করা ৬১ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান রেফারি ভুলেই গিয়েছিলেন টসের পর নিয়মমতো কয়েন নিজের পকেটে নিতে!








