বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে রান উৎসব করেছে সেন্ট্রাল জোন। সবুজ ঘাসের উইকেট, বৃষ্টি, কিছুই বাধা হতে পারেনি দলটির সামনে।
নর্থ জোনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে মার্শাল আইয়ুবের ১৩২, মোশাররফ রুবেলের ৮৩, তানবীর হায়দারের ৪৬ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৫২৯ রানের পাহাড় গড়েছে সেন্ট্রাল জোন।
শেষ বিকেলে নেমে এক ওভার ব্যাটিং করে নর্থ জোন। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী রানের খাতা খোলার আগেই শেষ হয় দিনের খেলা।
সাদমান ইসলামের ১০৭ ও সাইফ হাসানের ৯৪ রানের ইনিংসে বড় সংগ্রহের আভাস প্রথম দিনেই মিলেছিল। ৩ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ১৭৪.১ ওভার ব্যাটিং করে সেন্ট্রাল জোন পায় পাঁচশ ছাড়ানো সংগ্রহ। বৃষ্টি ও আলো স্বল্পতায় সকালের সেশনে ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।
নর্থ জোনের আরিফুল হক নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও সানজামুল ইসলাম। একটি উইকেট ফরহাদ রেজার।








